মা গো, আজও বেঁচে আছি তোরই প্রসাদ পেয়ে।
তোর দয়ায় মা অন্নপূর্ণা তোরই অন্ন খেয়ে॥
কবে কখন খেলার ছলে
ডেকেছিলাম শ্যামা বলে,
সেই পুণ্যে ধন্য আমি
আজ তোর নাম গেয়ে॥
তোর নাম-গান বিনা আমার পুণ্য কিছু নাই,
পাপী হয়েও পাই আমি তাই যখন যাহা চাই॥
দুঃখ শোকে বিপদ-ঝড়ে
বাঁচাস মা তুই বক্ষে ধরে,
দয়াময়ী নাই কেহ মা
ভবানী তোর চেয়ে॥
Leave a Reply