১১
(মহুয়ার গান)
আশাবরী-কাওয়ালী
(ওগো) নতুন নেশার আমার এ মদ
(বল) কি নাম দেবো এরে বঁধুয়া
গোপীচন্দন গন্ধ মুখে এর
বরণ সোনার চাঁদ-চুঁয়া॥
মধু হ'তে মিঠে পিয়ে আমার মদ
গোধুল রং ধরে কাজল-নীরদ,
প্রিয়েরে প্রিয়তম করে এ মদ মম,
চোখে লাগায় নভো-নীল ছোঁওয়া॥
ঝিম্ হয়ে আসে সুখে জীবন ছেয়ে,
পান্'সে জোছনাতে পান্সি চলে বেয়ে,
মধুর এ মদ নববধূর চেয়ে
আমারি মিতানী এ মহুয়া॥
Leave a Reply