বাবা শুভঙ্কর একি ভয়ঙ্কর
হিসেব নিকেষ শেখালে জগত পরে
এখন টাকা আনা পাই, নিয়ে যে সবাই শুধুই ঘুরে মরে ॥
মনের দামের বামে দাদা তিলেক মাত্ৰ দিলে
আধা পোয়ার দাম যদি গো অনায়াসে মেলে
(বলুন সুধিজন—)
মানুষের মনের বামে কতটুকু দিলে
পাওনাদারের ঝঞ্ঝাট থেকে রেহাইটুকু মেলে ॥
টাকা পয়সা কিছু নয়
মিল মোহাব্বত আসল কথা
সাধুজনে ডেকে কয়।
টাকা পয়সার কী দাম ভাই
টাকা হলো হাতের ময়লা
আজকে আছে কালকে নাই।
নুতন কোনো আর্যা লিখে পাঠাও এ সংসারে
শুনলে যাহা পাওনাদারে এমনি কেটে পড়ে
(বাবা শুভঙ্কর!*)
নিয়মের বদল করো তুমি পৃথিবীতে
পাওনাদারই উল্টো যাতে আসে টাকা দিতে।
কথা : জহির রায়হান,
সুর : আলতাফ মাহমুদ,
কণ্ঠ : মো. আলী সিদ্দিকী,
অভিনয় : বেবী জামান,
চিত্রপরিচালক : বাবুল চৌধুরী
টাকা আনা পাই (১৬ অক্টোবর ১৯৭০)
* প্রকৃত নাম ভৃগুরাম দাস। অষ্টাদশ শতাব্দীর প্রথম ভাগে বর্ধমান জেলায় (মতান্তরে বাকুড়ায়) তিনি জন্মগ্রহণ করেন। পাটিগণিতের জটিল নিয়মসমূহ শিশুদের জন্য শুভঙ্কর পদ্যাকারে রচনা করেন, যা একসময় আর্যা নামে সুবিদিত ছিল। শুভঙ্করের একটি আর্যা : ‘আছিল দেউল এক বিচিত্র গঠন / ক্রোধে জলে ফেলে দিল পবন নন্দন। / অর্ধেক পঙ্কেতে তার তেহাই সলিলে / দশম ভাগে ভাগ শেওলার দলে। / উপরে দ্বাদশ গজ রহে বিদ্যমান / কর শিশু দেউলের উচ্চতা প্রমাণ।
Leave a Reply