তুমি আমার কলিজার জিগর রে বন্ধু
তুমি আমার কলিজার জিগর ॥
না দেখিয়া তোমারে বন্ধু-রে জ্বলিয়া যায় বুক।
তোমার আমার দুই কথা জিগরে লাগে দুখ ॥
তন মন সঁপিলাম রে বন্ধে ও কালা তোমার হাতে।
ছাড়বায় না ছাড়বায় না করি কালা হস্ত দিলায় মাথে ॥
তুমি কালায় আমার তনে—বন্ধুরে আপনে কৈলায় ছায়া
ভাবে বুঝি বন্ধের আছে থুড়া থুড়া মায়া ॥
তোমার শোকে তনু আমার হইল জর জর।
দিবানিশি রাখিমু বন্ধু কলিজার উপর ॥
পরান ডুরি বন্ধের হাতে—ও কালা আমি সঙ্গের চেলা।
কেনে আইমু যমুনার জলে কলসি লৈয়া কালা ॥
তুমি বন্ধু দেখিবার মনে আছিল সাধ।
নয়ানে না দেখিলাম লীলা নাকে চলে বাদ (বায়ু)
নাকে আছে বাদর কালা তুমি উত্তম সোনা।
ভাঙিয়া বুঝিয়া চাইলাম বন্ধু তুমি যে আপনা ॥
সৈয়দ শাহনূরে কইন বন্ধু বড় ধন।
বন্ধু বন্ধু করি ডাকি বন্ধু নিরঞ্জন ॥
শব্দার্থ : ১. কলিজার জিগর = কলিজার টুকরো। ২. জিগড়ে লাগে দুখ = মনে দুঃখ লাগে। ৩. বন্ধে = বন্ধু। ৪. মাথে = মাথায়। ৫. কৈলায় = করলে। ৬. জর জর = জর্জরিত। ৭. পরান ডুরি = মনের রশি। ৮. কেনে = কেন। ৯. লৈয়া = নিয়ে।
Leave a Reply