মহাদেবী – অভীক সরকার
MAHADEVI
Historical Novel by Avik Sarkar
প্রথম প্রকাশ – জানুয়ারি ২০২৪
.
শুভাকাঙ্ক্ষী এবং সুলেখক
সোমনাথ সেনগুপ্ত মহাশয়কে,
যিনি শত প্রতিকূলতার মধ্যেও কখনও
আমার হাত ছেড়ে যাননি।
.
আজ থেকে মাস ছয়েক আগে হঠাৎ একদিন আমার এক সুহৃদ ফোন করে বললেন, ‘একটা দারুণ হিস্টোরিকাল প্লট পেয়েছি। তুমি লিখবে?’ তখনও ‘পটমঞ্জরী’ লেখার আবেশে বুঁদ হয়ে আছি। ইচ্ছে করছে আরও কিছু ইতিহাস সংক্রান্ত গল্প বা উপন্যাস লিখতে। শুনে ভারি আগ্রহ বোধ করলাম৷ তাই তাঁকে অনুরোধ করলাম বলার জন্য।
সুহৃদ তখন আমাকে সম্রাট দ্বিতীয় চন্দ্রগুপ্ত এবং তাঁর পট্টমহিষী ধ্রুবস্বামিনীর বহুল প্রচলিত প্রেমের কাহিনি শোনালেন। শুনে আমি উত্তেজিত হয়ে উঠলাম। প্রেম এবং বীরত্ব, দুইই আমার প্রিয় বিষয়। আর তার সঙ্গে কাহিনির বীজে লুকিয়ে থাকা বহুতর সম্ভাব্য সাবপ্লটের উঁকিঝুঁকিও আমার নজর এড়ায়নি। একবার ভাবলাম লিখেই ফেলি। যদিও মনে সংশয় ছিল, এমন চমৎকার কাহিনিটি নিয়ে আজ অবধি কি কেউ কোনও উপন্যাস লেখেননি!
একটু খোঁজখবর করতেই জানলাম যে মূল কাহিনি বহুবিখ্যাত। বিশাখদত্ত’র একটি নাটক, নাম দেবীচন্দ্রগুপ্তম, সেখানেই এই কাহিনির উৎপত্তি। কাহিনিটির ঐতিহাসিক সত্যতা নিয়ে সন্দেহ আছে, কিন্তু সাহিত্যিক আবেদন নিয়ে কোনও প্রশ্ন উঠতে পারে না। প্রেম, বিশ্বাসঘাতকতা এবং শৌর্যবীর্যের এই চিরকালীন গাথা তুলনাহীন। ফলে অনেক চিন্তাভাবনার পর আমার উপন্যাস নির্মাণে হাত দেওয়া গেল।
যে কোনও ইতিহাসাশ্রয়ী উপন্যাসের মতোই এখানে আমি কল্পনার যদৃচ্ছ আশ্রয় নিয়েছি। কাহিনির প্রয়োজনেই বহুতর চরিত্রের, বহুতর কল্পিত ঘটনার আগমন ঘটেছে। পাঠকদের অনুরোধ, একে ইতিহাসের টেক্সট হিসেবে না পড়ে একটি উপন্যাস হিসেবেই পড়বেন।
প্রথমে এই কাহিনির নাম দিয়েছিলাম ‘ধ্রুবস্বামিনী’। তারপর নাম পরিবর্তন করে নতুন নাম দিই ‘মহাদেবী’। এখানে ‘দেবীচন্দ্রগুপ্তম’-এর মূল কাহিনি আরও পরিব্যাপ্ত হয়েছে। তার সঙ্গে যুক্ত হয়েছে আরও কয়েকটি উপকাহিনির শাখা-প্রশাখা। অবশেষে সেই মিলিত ধারা বেগবান কলস্বিনীতে পরিণত হয়েছে।
বইটি প্রকাশ করার জন্য প্রকাশক পত্রভারতীর কাছে আমার কৃতজ্ঞতার শেষ নেই। আশা করি ষড়যন্ত্র, নিষ্ঠুরতা, বীরত্ব, এবং সর্বোপরি মহৎ প্রেম ও অপ্রেমের এই গৌরবময় গাথাটি আপনাদের ভালো লাগবে।
অলমিতি।
অভীক সরকার
পয়লা জানুয়ারি, ২০২৪
দমদম, কলকাতা।






সাথী দাস এর বই upload করুন প্লিজ