প্রবন্ধ সংগ্রহ – বিনয় ঘোষ
প্রবন্ধ সংগ্রহ – বিনয় ঘোষ
প্রথম প্রকাশ : জানুয়ারি ২০০৯
দীপ পরিমার্জিত সংস্করণ : অগাস্ট ২০২০
প্রচ্ছদ : সৌম্যদীপ প্রধান
প্রকাশক : শংকর মণ্ডল
.
প্রবন্ধসংকলন প্রসঙ্গে
গত পনের—কুড়ি—পঁচিশ বছরে বিভিন্ন পত্রিকায় নানাবিষয়ে অনেক প্রবন্ধ লিখেছি। উৎসাহী পাঠকরা বহুদিন ধরে বলেছেন এই প্রবন্ধগুলি গ্রন্থাকারে সংকলন করতে। কেবল যে অবসরের অভাবে তা করতে পারিনি তা নয়। অধিকাংশ প্রবন্ধের কোনো কপি (মুদ্রিত) আমার কাছে ছিল না। কবে কোন পত্রিকায় কোন প্রবন্ধ প্রকাশিত হয়েছিল তাও পুরো মনে ছিল না। প্রসঙ্গত বলছি, লেখার ব্যাপারে আমি এমনিতে যথাসম্ভব শৃঙ্খলানুবর্তী হলেও, লেখা শেষ হবার পরে, বিশেষ করে প্রকাশিত হবার পরে, গ্রন্থাকারেই হোক অথবা কোনো পত্রিকায় প্রবন্ধাকারেই হোক, আমার সমস্ত উৎসাহ উবে যায়, এমনকি লেখার প্রতি মমতা পর্যন্ত। তার জন্য আমার নিজের কাছে আমার লেখা অধিকাংশ বইয়ের কপি নেই, প্রবন্ধের তো নেই—ই। পুরনো বই পুনরমুদ্রণের সময় আমাকে নিজের বই পাঠাগার বা কোনো পাঠকের কাছ থেকে ধার করে এনে কাজ করতে হয়। বর্তমান প্রবন্ধসংকলনের ব্যাপারে তার চাইতেও বেশি ঝঞ্ঝাট করতে হয়েছে। কারণ পত্রিকায় প্রকাশিত প্রবন্ধ কোনো পাঠাগারে সংকলিত থাকে না, কোনো পাঠকের কাছেও তা থাকা সম্ভব নয়। পাঠাগারিক কয়েকজন পাঠকবন্ধু, গবেষকের মতো, পুরনো পত্রিকা ঘেঁটে প্রবন্ধগুলি সংকলন করে দিয়েছেন, তাই এগুলি গ্রন্থাকারে প্রকাশ করা সম্ভব হয়েছে।
এযাবৎ যা প্রবন্ধ লিখেছি ও প্রকাশিত হয়েছে, তার বেশকিছু এখনও খোঁজ পাওয়া বা করা সম্ভব হয়নি। যা পাওয়া গিয়েছে সেগুলি এরকম দু’তিনটি বা আরও বেশি খণ্ডে সংকলিত হতে পারে বলে মনে হয়। পনের কুড়ি—পঁচিশ বছর আগেকার লেখা প্রবন্ধগুলি মধ্যে আমার বর্তমান (১৯৭৮) চিন্তাধারার কিছু স্ববিরোধী অসঙ্গতি পাঠকদের কাছে ধরা পড়বে। সেটা স্বাভাবিক। কিন্তু তৎসত্ত্বেও চিন্তার অন্তর্লীন সঙ্গতির একটা সূত্র তাঁরা হয়ত এগুলির মধ্যে খুঁজে পাবেন। তা ছাড়া লেখক হিসেবে আমার চিন্তাধারার বিকাশের আঁকাবাঁকা পথরেখার যদি আদৌ কোনো মূল্য পাঠকদের কাছে থাকে, তাহলে এই প্রবন্ধসংকলন তাঁদের কাজে লাগতে পারে। রচনাগুলি আনন্দবাজার পত্রিকা (শারদীয়), দেশ, দৈনিক বসুমতী (শারদীয়), যুগান্তর (শারদীয়), পরিচয়, শনিবারের চিঠি, বিশ্বভারতী পত্রিকা, উত্তরসূরী প্রভৃতি পত্রিকায় প্রকাশিত হয়।
‘অয়ন’—এর অনুজপ্রতিম তরুণ প্রকাশকদের প্রচুর উৎসাহ না থাকলে এই প্রবন্ধসংকলন প্রকাশ করা সম্ভব হত কি—না সন্দেহ।
বিনয় ঘোষ
সেপ্টেম্বর ১৯৭৮
.
প্রবন্ধ সংকলন প্রসঙ্গে
‘মেহনত ও প্রতিভা’ ১৯৪৪ সালে লেখা। বাকি প্রবন্ধগুলি পাঁচ ও ছয়ের দশকে লেখা। পরিচয় চতুরঙ্গ শনিবারের চিঠি তত্ত্বকৌমুদী এবং কয়েকটি ছোট পত্রিকায় লেখাগুলি বিভিন্ন সময়ে প্রকাশিত হয়।
পশ্চিমবঙ্গে যেভাবে ‘অন্ধকার’ ঘনিয়ে আসছে, প্রকৃতির আলো—বাতাস ছাড়া কিছু নেই, তাতে যে—কোন মানুষের পক্ষে কাজকর্ম করা প্রায় অসম্ভব। একমাত্র পেশাদার চোর—জুয়াচোর এবং পলিটিশিয়ানরাই এরকম অন্ধকারে তাঁদের কাজ করতে পারেন। তৎসত্ত্বেও এই ছোট বইখানি যে মুদ্রিত হয়ে প্রকাশিত হল তার জন্য নাছোড়বান্দা প্রকাশকদের কাছে কৃতজ্ঞ।
১৯৭০—এর দশকের দুর্বিনীত উদ্ধত রচনাগুলির সংগ্রহ এই প্রবন্ধসংকলনের তৃতীয় খণ্ডে প্রকাশিত হবে এবং আশা করা যায় যে যদি অঘটন না ঘটে তাহলে ১৯৮০ সালের গোড়ায়।
বিনয় ঘোষ
সেপ্টেম্বর ১৯৭৯






Leave a Reply