চলে যায় বসন্তের দিন – হুমায়ূন আহমেদ
চলে যায় বসন্তের দিন – হুমায়ূন আহমেদ
[“চলে যায় বসন্তের দিন!”
কী অদ্ভুত কথা! বসন্তের দিন কেন চলে যাবে? কোনো কিছুই তো চলে যায় না। এক বসন্ত যায়, আরেক বসন্ত আসে। স্বপ্ন চলে যায়, আবারো ফিরে আসে।
আমি হিমু!
আমি কেন বলব— চলে যায় বসন্তের দিন। আমার মধ্যে কি কোনো সমস্যা হয়েছে?
কী সেই সমস্যা?]
প্রসঙ্গ : হিমু।
অহঙ্কার প্রকাশ পায় এমন কিছু লেখার ব্যাপারে। আমি বেশ সচেতন। খুব চেষ্টা করি কেউ যেন আমার ভেতরের অহঙ্কার বুঝতে না পারে। এই যুক্তিতে, যে-ঘটনাটি আমি এখন বলব তা বলা উচিত না। ঘটনাটির মধ্যে সূক্ষ্ম এবং স্কুল— দুই রীতিতেই অহঙ্কার প্রকাশ পায়। তবু বলে ফেলছি।
দুবছর আগে আমি কোলকাতা বইমেলায় গিয়েছিলাম। বাংলাদেশ প্যাভিলিয়নে মাত্র ঢুকেছি, হঠাৎ আমাকে চমকে দিয়ে ধুতি-পাঞ্জাবি পরা এক ছেলে পা ছুঁয়ে প্ৰণাম করে বলল, দাদা, আমি হিমু। দেখুন। আমার পাঞ্জাবি–হলুদ। আমি বললাম, হিমুরা তো খালি পায়ে হাঁটাহাটি করে। দেখি তোমার পা। সে সবগুলি দাঁত বের করে তার খালি পা দেখাল।
নিজের দেশে অনেক হিমুর দেখা পেয়েছি। বিদেশে এই প্রথম খাঁটি হিমু দেখলাম। আমার ত্রিশ বছর লেখালেখির ফসল যদি হয় কিছু হিমু তৈরি করা— তাহলে তাই সই। আমি এতেই খুশি। পরম করুণাময় আমাকে যথেষ্টই করুণা করেছেন।
হুমায়ুন আহমেদ
নুহাশপল্লী, গাজীপুর
১০.০১.২০০২


Leave a Reply