মধ্যদিনে যবে গান বন্ধ করে পাখি (প্রকৃতি) – আলিরিক্স – রবীন্দ্রনাথ ঠাকুর
মধ্যদিনে যবে গান বন্ধ করে পাখি,
হে রাখাল, বেণু তব বাজাও একাকী॥
প্রান্তরপ্রান্তের কোণে রুদ্র বসি তাই শোনে,
মধুরের-স্বপ্নাবেশে-ধ্যানমগন-আঁখি–
হে রাখাল, বেণু যবে বাজাও একাকী॥
সহসা উচ্ছ্বসি উঠে ভরিয়া আকাশ
তৃষাতপ্ত বিরহের নিরুদ্ধ নিশ্বাস।
অম্বরপ্রান্তে যে দূরে ডম্বরু গম্ভীর সুরে
জাগায় বিদ্যুতছন্দে আসন্ন বৈশাখী–
হে রাখাল, বেণু যবে বাজাও একাকী॥
রাগ: হাম্বীর
তাল: কাহারবা
রচনাকাল (বঙ্গাব্দ): ৪ ফাল্গুন, ১৩৩৩
রচনাকাল (খৃষ্টাব্দ): ১৯ মার্চ, ১৯২৭
রচনাস্থান: শান্তিনিকেতন

Leave a Reply