বল গোলাপ মোরে বল (প্রেম) – লিরিক্স – রবীন্দ্রনাথ ঠাকুর
বল্, গোলাপ, মোরে বল্,
তুই ফুটিবি, সখী, কবে।
ফুল ফুটেছে চারি পাশ, চাঁদ হাসিছে সুধাহাস,
বায়ু ফেলিছে মৃদু শ্বাস, পাখি গাইছে মধুরবে–
তুই ফুটিবি, সখী কবে॥
প্রাতে পড়েছে, শিশিরকণা, সাঁঝে বহিছে দখিনা বায়,
কাছে ফুলবালা সারি সারি–
দূরে পাতার আড়ালে সাঁঝের তারা মুখানি দেখিতে চায়।
বায়ু দূর হতে আসিয়াছে, যত ভ্রমর ফিরিছে কাছে,
কচি কিশলয়গুলি রয়েছে নয়ন তুলি–
তারা শুধাইছে মিলি সবে,
তুই ফুটিবি, সখী, কবে॥
রাগ: পিলু
তাল: খেমটা
রচনাকাল (বঙ্গাব্দ): 1288
রচনাকাল (খৃষ্টাব্দ): 1882
স্বরলিপিকার: প্রতিভা দেবী, জ্যোতিরিন্দ্রনাথ ঠাকুর

Leave a Reply