মম যৌবননিকুঞ্জে গাহে পাখি – (প্রেম) – লিরিক্স – রবীন্দ্রনাথ ঠাকুর
মম যৌবননিকুঞ্জে গাহে পাখি–
সখি, জাগ’ জাগ’
মেলি রাগ-অলস আঁখি–
অনু রাগ-অলস আঁখি সখি, জাগ’ জাগ’॥
আজি চঞ্চল এ নিশীথে
জাগ’ ফাগুনগুণগীতে
অয়ি প্রথমপ্রণয়ভীতে,
মম নন্দন-অটবীতে
পিক মূহু মূহু উঠে ডাকি– সখি, জাগ’ জাগ’॥
জাগ’ নবীন গৌরবে,
নব বকুলসৌরভে,
মৃদু মলয়াবীজনে
জাগ’ নিভৃত নির্জনে।
আজি আকুল ফুলসাজে
জাগ’ মৃদুকম্পিত লাজে,
মম হৃদয়শয়নমাঝে,
শুন মধুর মুরলী বাজে
মমঅন্তরে থাকি থাকি– সখি, জাগ’ জাগ’॥
রাগ: কাফি
তাল: একতাল
রচনাকাল (বঙ্গাব্দ): 1304
রচনাকাল (খৃষ্টাব্দ): 1897

Leave a Reply