দেশ ।। কাওয়ালি
বহিছে সাহারায় শোকের 'লু' হাওয়া
দুলে অসীম আকাশ আকুল রোদনে।
নূহের প্লাবন আসিল ফিরে যেন
ঘোর অশ্রু শ্রাবণ-ধারা ঝরে সঘনে।।
হায় হোসেনা হায় হোসেনা বলি'
কাঁদে গিরি দরি মরু বনস্থলী
কাঁদে পশু ও পাখী তরুলতার সনে।।
ফকির বাদশাহ গরীব ওমরাহে
কাঁদে তেমনি আজো, তারি মর্সিয়া গাহে,
বিশ্বে যাবে মুছে মুছিবে না এ আঁসু,
চির কাল ঝরিবে কালের নয়নে।।
ফল্গুধারা-সম সে কাঁদন-নদী
কুল-মুসলিম চিতে বহে গো নিরবধি,
আসমান ও জমিন রহিবে যতদিন
সবে কাঁদিবে এমনি আকুল কাঁদনে।।
Leave a Reply