তনের মাঝে সপ্ত দরিয়া বস্তি জঙ্গল আছে
তনের মাঝে মক্কা মদিনা চন্দ্ৰ সূৰ্য নাচে।
কৈন সৈয়দ শাহনুরে দুনিয়া মিছা মায়া
বাজিকরে বাজি দিয়া বন্দি কৈল কায়া।
উদাসিনী কৈলেরে মোরে পাগলিনি কৈলে
কও তোমার পিরিতে কেনে উদাসিনী কৈলে।
ভিখারি করিয়াছ বন্ধু রাখ পদের তলে
লাহুল দরিয়ায় ভাসি তুলি নেও কোলে।
আঙ্খির নিকটে আছেন আল্লাহ নিরঞ্জন
সামনে মানিক থৈয়া কেনে ভাঙ্গ বন।
কাজল কোঠা ঘরের মাঝে বৈছৈন কোন জন
দিল দরিয়ার মাঝে বসি খেলে অনুক্ষণ।
লীলার রূপ চাইতে গেলু ভুলিয়া আইলু রঙ্গে
কি রূপ দেখিলু আমি কে যাইব মোর সঙ্গে।
শাহনুরের তনে বলে, আমি লাগাল পাই
নিরলে বসিয়া রূপ নয়ান ভরিয়া চাই।
যে বলে বন্ধের কথা তার দিকে ধাই
মস্তকেতে হস্ত মারি ভূমিতে লুটাই।
সুজনে সুজনের সাথে পিরিত যদি করে
পীরিতে না ছাড়ে তারার ডুবিলে সাগরে।
দরিয়ায় পড়িলাম আমি মানিক পাইবার আশে
পাইয়া হারিলাম মানিক আপন করম দোষে।
ধরিমু ধরিমু করি বেরথা জনম গেলা।
অজুদে মজুদ আছে লীলার কারখানা
সৈয়দ শাহনূরে কইন দেখলে তনু ফানা ॥
শব্দার্থ : ১. তনের মাঝে = দেহের মাঝে। ২. কৈন = বলেন। ৩. বন্দি কৈল = বন্দি করল। ৪. কৈলে = করলে। ৫. লাহুল দরিয়ায় = অনন্ত সাগরে। ৬. আঙ্খির নিকট : চোখের সামনে। ৭. থৈয়া = রেখে। ৮. বৈছেন = বসেছেন। ৯, আইলু = এলাম; আসলাম। ১০. লাগাল পাই = নাগাল পাই; দেখা পাই। ১১. নয়ান = নয়ন; চক্ষু। ১২. বন্ধের কথা = বন্ধুর কথা। ১৩. তার দিকে ধাই = তার কাছে যাই। ১৪. তারার = তাদের। ১৫. করম দোষে = কর্মদোষে। ১৬. বেরথা = বৃথা; অনর্থক। ১৭. অজুদে মজুদ আছে = অস্তিত্বে বিরাজ করছে। ১৮. তনু ফানা = শরীর ধ্বংস।
Leave a Reply