গান – হাঁসুলি বাঁকের কথা – বলব কারে হায়
কথা – তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায়
সুর ও শিল্পী – হেমন্ত মুখোপাধ্যায়
ছবি – হাঁসুলি বাঁকের উপকথা, ১৯৬২
হাঁসুলি বাঁকের কথা— বলব কারে হায়।
কোপাই নদীর জলে কথা ভেসে যায়।
যে বাঁশেতে লাঠি হয় ভাই সে বাঁশে হয় বাঁশি
বাঁশবাদির বাঁশগুলিরে তাই তো ভালোবাসি।
বেলতলার বাবাঠাকুর কাহার ফুলের পিতা
বাঁশবনেতে থাকত বাহন অজগরো চিতা।
পরাণ-ভ্রমরে সে থাকত আগুলি,
ও হায় তা’রে দাহন ক’রে মারল করালী !
বাঁশের বেড়া বাঁশের ঝাপি তাহারই ভিতর
কাহর-ফুলের পরাণ-ভ্রমর বেঁধেছিল ঘর।
বাঁশের বেড়ার ঝাঁপি শেষে ভাঙলে মিলিটারি—
কাহারেরা, হায়রে বিধি, হল ভ্রমণকারী।
ঘর-ভোমরার মতো তারা ঘুরিয়ে বেড়ায়,
দুখের কথা বলব কারে হায়।
জল ফেলিতে নাই চোখে জল ফেলিতে নাই
বিধাতা বুড়োর খেলা দেখে যারে ভাই।
যে গড়ে ভাই সেই ভাঙেরে, যে ভাঙে ভাই সেই গড়ে
ভাঙ্গাগড়ার কারখানাতে তোরা দেখে আয়রে উঁকি মেরে
জল ফেলিতে নাই চোখে জল ফেলিতে নাই
বিধাতা বুড়োর খেলা দেখে যারে ভাই।
Leave a Reply