• Skip to main content
  • Skip to header right navigation
  • Skip to site footer

Bangla Library

Read Bengali Books Online (বাংলা বই পড়ুন)

  • Login/Register
  • Account

শ্যামমোহিনী দেবী

লাইব্রেরি » বাংলা ডিকশনারি । Bangla Dictionary » চরিতাভিধান » শ্যামমোহিনী দেবী
শ্যামমোহিনী দেবী (১০-২-১৮৮৭ -– ২৬-২-১৯৮০) করঞ্জা-পাবনা। জমিদার চৌধুরী পরিবারে জন্ম। নিখিল ভারত নারীশিক্ষা পরিষদের প্রতিষ্ঠাত্রী। ১০ বছর বয়সে প্রাথমিক পরীক্ষায় রাজশাহী বিভাগে প্ৰথম হন। ১২ বছর বয়সে ঢাকার সুরেন্দ্ৰনাথ মৈত্রের সঙ্গে বিবাহ হয়। স্বামীর সহায়তায় নানা বিষয়ে পড়াশুনা করেন। ১৬ বছর বয়সে বিধবা হয়ে স্ত্রীশিক্ষা বিস্তারে আত্মনিয়োগ করেন। নিজের সম্পত্তি এবং অলঙ্কার বিক্রী করে করঞ্জায়, পাবনা জেলায় ও স্বামীর গ্রামে অনেকগুলি অবৈতনিক বিদ্যালয় স্থাপন করেন। নিজেও পড়াতেন। ১৯২৩ খ্রী. কলিকাতায় ব্ৰাহ্ম ট্রেনিং স্কুল থেকে প্রথম স্থান অধিকার করে সিনিয়র ট্রেনিং পাশ করেন। লেডি অবলা বসু তাঁকে তাঁর প্রতিষ্ঠিত নারী শিক্ষা সমিতি পরিচালিত বিদ্যালয়গুলির পরিদশিকার দায়িত্ব দেন। অসুস্থতার জন্য কিছুদিন পর এ কাজ ছেড়ে ব্ৰাহ্ম বালিকা শিক্ষালয়ে যোগ দেন। এই সঙ্গে একটি কর্পোরেশন স্কুলের প্রধান শিক্ষিকা এবং ব্ৰাহ্ম ট্রেনিং স্কুলের সুপারিন্টেন্ডেন্ট-এর কাজও করতেন। মেয়েদের লাঠি ছোরা খেলা, যুযুৎসু ইত্যাদি, শেখোনর জন্য ‘দীপালী সঙ্ঘ’ প্রতিষ্ঠা করেন। বিপ্লবী পুলিন দাস এই সঙ্ঘে শেখাতেন। তাঁর চেষ্টায় ১৯২৬ খ্ৰী. পাবনা এম.ই. স্কুলটি হাই স্কুলে উন্নীত হয়। স্কুলটির খরচের অনেকখানি অংশ তিনি বহন করতেন। ১৯২৯ খ্রী. স্কুলের কাজ ছেড়ে অসহযোগ আন্দোলনে যোগ দেন। মহিলা সমিতি গঠন করে চরকা, খদ্দর প্রচার, বিলাতিদ্রব্য বর্জনে মহিলাদের উৎসাহিত করেন। এই সময় ‘তিলক স্বরাজ’ ফাণ্ডে তিনি নগদ ও অলঙ্কারে ২০ হাজার টাকা চান্দা তুলে দেন। লবণ আইন অমান্য আন্দোলনে পাবনায় থেকে অংশ নেন। নবদ্বীপের তারাসুন্দরী বালিকা বিদ্যালয়ের উন্নতিতে সাহায্য করেন। পরে ১৯৩১ খ্রী. লেডি অবলা বসুর আহ্বানে কলিকাতায় এসে নারী শিক্ষা সমিতির সুপারিন্টেন্ডেন্টের পদ গ্ৰহণ করেন এবং সমিতির নানা গঠনমূলক কাজে লেডি অবলা বসুকে সাহায্য করেন। ১৯৩৪ খ্রী. অল্প কয়েকটি ছাত্রী নিয়ে স্থাপন করেন ‘বাণীপীঠ’ গার্লস হাই স্কুল। ঐ বছরই বয়স্কদের জন্য শর্ট ম্যাট্রিক স্কুল এবং ক্রমে ক্ৰমে জুনিয়র ও সিনিয়র ট্রেনিং সেন্টার, প্রাইমারী স্কুল, ইন্ডাস্ট্রিয়াল স্কুল এবং ছাত্রীনিবাস খোলেন। ১৯৩৫ খ্রী. অনুরূপা দেবীকে সভানেত্রী করে তিনি নিখিল ভারত নারী শিক্ষা পরিষদ গঠন করে স্কুলগুলিকে তাঁর অন্তর্ভুক্ত করেন এবং ক্রমে আরও নতুন নতুন বিভাগ চালু করেন যাতে মেয়েরা শিক্ষিত, উপার্জনক্ষম ও আত্মনির্ভরশীল হতে পারে। ‘কাশী বিশ্বনাথ মঞ্চ’ নামে একটি সাংস্কৃতিক প্রতিষ্ঠানও তাঁরই উদ্যোগে স্থাপিত হয়।
Category: চরিতাভিধান
Previous Post:শ্যামদাস
Next Post:শ্যামল চক্রবর্তী

Reader Interactions

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

লেখক

সিরিজ

বইয়ের ধরণ

বাংলা ডিকশনারি

বাংলা জোক্স

বাংলা লিরিক্স

বাংলা রেসিপি

বিবিধ রচনা

বাংলা হেলথ টিপস

Download PDF


My Account

Facebook

top↑