• Skip to main content
  • Skip to header right navigation
  • Skip to site footer

Bangla Library

Read Bengali Books Online (বাংলা বই পড়ুন)

  • Login/Register
  • Account

সত্যেন্দ্ৰনাথ সেন

লাইব্রেরি » বাংলা ডিকশনারি । Bangla Dictionary » চরিতাভিধান » সত্যেন্দ্ৰনাথ সেন
সত্যেন্দ্ৰনাথ সেন ১। ১৯১৪ খ্রী. তিনি আমেরিকায় যান। সেখানে গদর পার্টির তিনিই একমাত্র বাঙালী সভ্য ছিলেন। সশস্ত্ৰ অভ্যুত্থানের পরিকল্পনায় তিনি জার্মান সাহায্যের সংবাদ নিয়ে আমেরিকা থেকে কলিকাতায় এসে বাঘা যতীনের সঙ্গে যোগাযোগ করেন।

সত্যেন্দ্ৰনাথ সেন ২ (৪-৬-১৯০২ — ৭-৮-১৯৭১) বরিশাল। উপেন্দ্রনাথ। সতু সেন নামে সুপরিচিত ছিলেন। কাশী হিন্দু বিশ্ববিদ্যালয় থেকে ইলেকট্রিক্যাল ইঞ্জিনীয়ারিং পাশ করে ১৯২৫ খ্রী. বিদেশে যাত্রা করেন। পথে প্যারিসে হাসান শহিদ সোহরাবন্দির সঙ্গে সাক্ষাতে ও আলোচনায় তিনি নাটক সম্পর্কে উৎসাহিত হন এবং ইঞ্জিনিয়ারিংয়ের বদলে থিয়েটারী বিদ্যা শেখার জন্য নিউইয়র্কের ‘ল্যাবরেটরী থিয়েটারে’ প্রয়োগবিদ্যার শিক্ষার্থী হিসাবে ভর্তি হন। রাতে ডিস ধোওয়া ইত্যাদি কাজ করে দিন চলতো। ৮ মাস পরে থিয়েটারে জুনিয়র অ্যাপ্রেনটিসের কাজ পান ও নর্মান বেলগেডেডসের সহকারী মঞ্চসজ্জাকর নিযুক্ত হন। এইসময় থেকে তাঁকে মাতার স্নেহে আশ্রয় দেন ল্যাবরেটরী পরিচালক মিরিয়ম স্টকটন। নিজ কর্মদক্ষতায় ক্রমশ উন্নতি করে সহকারী টেকনিক্যাল ডিরেক্টর হন। ‘সিকাডো’ নামক মঞ্চ-সফল নাটক চলচ্চিত্রে রূপায়ণে সহযোগী পরিচালক হয়ে হলিউড জগতেও মেরি পিকফোর্ড, চার্লি চ্যাপলিন, ডগলাস ফেয়ার ব্যাঙ্কস প্রমুখদের সঙ্গে পরিচিত হন। ১৯২৮ খ্রী. টেকনিক্যাল ডিরেক্টর হন ও ইনস্টিটিউটে শিক্ষকতা করেন। তাঁর প্রযোজিত নাটক ৭ টি। এরপর ব্রডওয়ে নাট্যজগতে তিনি পরিচিত হন। ক্রমে ক্রিশ্চিয়ান হেগেন নামে বন্ধুর সহযোগিতায় নিজেই ‘wood stock Play House’ নামে এক মঞ্চ প্ৰতিষ্ঠা করেন। কিছুদিন পরে ইউরোপে এসে বার্লিনে ম্যাকস রাইনহার্ট, ফ্রান্সে জাক কোপো, বিলাতে গর্ডন ক্ৰেগ, রাশিয়ায় মেয়ারহোল্ডের সঙ্গে ও তাদের কাজের সঙ্গে পরিচিত হন। আবার নিউইয়র্কে ফিরে ল্যাবরেটরী থিয়েটারে কয়েকটি বিখ্যাত নাটকের প্রযোজনার সঙ্গে যুক্ত থাকেন। এসময়ে যশ ও অর্থলাভের শীর্ষে পৌঁছান। ‘নিউ ইউর্ক টাইমসের দুঁদে নাট্যসমালোচক লেখেন–’Hind heads a Theatre Workshop. . . . As staged by. . . . With–lighting and sets by Satu Sen. . . . . They are so delightful in their naivete that Broadway Couldn’t bear them’। এরপর এলিজাবেথ মারবারি ও এরিক ইলিয়টের সঙ্গে এক বন্দোবস্তে সদলবলে শিশিরকুমার ভাদুড়ীকে নিউ ইয়র্কে আনেন। এই প্রচেষ্টায় নানা বিপত্তির ফলে সন্তু সেন সর্বস্বান্ত ও ঋণগ্ৰস্ত হন। এরপর তিনি বন্ধু ক্রিশ্চিয়ান হেগেনের সাহায্যে ৬-৬-১৯৩১ খ্রী. কোনক্রমে দেশে ফেরেন। এদেশে তাঁর প্রথম মঞ্চনির্দেশনা ‘বিষ্ণুপ্রিয়া’ নাটকে–শিশিরকুমারের অধীনে। পরে তিনি নাট্যনিকেতনে পরিচালক ও শিল্পনির্দেশক হয়ে ‘ঝড়ের পরে’ নাটক মঞ্চস্থ করেন। এখানেই মুড লাইটিং ও বিদ্যুৎ ঝড়-জল ব্যবহৃত হয়। পরের গীতিনাট্য নজরুল ইসলামের ‘আলেয়া’। ১৯৩৩ খ্রী. রঙমহলে যোগ দিয়ে ঘূর্ণায়মান মঞ্চের প্রবর্তন করেন এবং এই ধরনের মঞ্চের নির্মাতারূপে ভারতের বিভিন্ন স্থান থেকে আমন্ত্রণ পান। ভারতে ঘূর্ণায়মান মঞ্চে প্ৰথম অভিনয় হয় ‘মহানিশা’ নাটক। ক্রমে মঞ্চ ও আলোর যাদুকররূপে তিনি বহু নাটকে তাঁর ভূমিকা পালন করেন। রবীন্দ্রনাথের ‘নষ্টনীড়’ নাট্যাভিনয়েও তিনি মঞ্চনির্দেশ দেন। শেষ-নির্দেশনা মিনার্ভায় (১৯৫৮)। তিনি ৭ টি চলচ্চিত্রেও কাজ করেন। পশ্চিম বাঙলায় সঙ্গীত নাটক। আকাদেমি প্রতিষ্ঠিত হলে অধ্যাপক পদে আমৃত্যু কাজ করেন। তার আগে দিল্লীতে ন্যাশনাল স্কুল অফ ড্রামা ও এশিয়ান থিয়েটারের ডিরেক্টর ছিলেন। এখানে আকাদেমির নাট্যপুরস্কারের বিচারক-পদে বৃত হন। মঞ্চের কলাকৌশল শেখানোর জন্য কয়েকটি বিভিন্ন ধরনের রঙ্গমঞ্চের অতিকায় মডেল নির্মাণ করেন। ১৯৬৪ খ্রী. সারা বাঙলা নাট্য সম্মেলনে তাকে গুণিজন-সম্বর্ধনা জানানো হয়।

সত্যেন্দ্ৰনাথ সেন ৩ (৪-৩-১৯০৯ –- ১৪-৩-১৯৮৩) পয়গ্রাম-খুলনা। রংপুরে জন্ম। প্রখ্যাত অর্থনীতিবিদ, কলিকাতা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য (১৯৬৮–৭৬), পশ্চিমবঙ্গ নিরক্ষরতা দূরীকরণ সমিতির প্রতিষ্ঠাতা-সভাপতি (১৯৭০-৮৩) ও শিক্ষাবিদ। ১৯৩৩ খ্ৰী. অর্থনীতিতে এম.এ. পরীক্ষায় প্রথম শ্রেণীতে প্রথম হন। লন্ডন স্কুল অব ইকনমিক্স-এর ডক্টরেট (১৯৫০)। ১৯৩৫ খ্রী. আশুতোষ কলেজে, ১৯৪২ খ্রী. কলিকাতা বিশ্ববিদ্যালয়ে অধ্যাপক হিসাবে যোগ দেন। ১৯৬২ – ৬৩ খ্রী. মার্কিন যুক্তরাষ্ট্রে প্রিন্সটন এবং স্ট্যানফোর্ড বিশ্ববিদ্যালয়ের ‘অতিথি’ অধ্যাপকের সম্মান লাভ করেন। ১৯৮০–৮৩ খ্রী. খড়গপুর আই আই টি-র বোর্ড অব গভর্নরস-এর সভাপতি এবং এশিয়াটিক সোসাইটির অনারারি ফেলো ছিলেন। রচিত গ্ৰন্থ : ‘সেন্ট্রাল ব্যাঙ্কিং ইন ডেভেলপিং কান্ট্রিজ’, ‘সেন্ট্রাল ব্যাঙ্কিং ইন আন্ডার ডেভেলপড মানি মার্কেট’, ‘দি সিটি অব ক্যালকাটা : এ সোসিও ইকনমিক সার্ভে’, ‘ইন্ডাস্ট্রিয়াল মুভমেন্ট ইন ওয়েস্ট বেঙ্গল’, ‘ইন্ডাস্ট্রিয়াল রিলেশনস ইন জুট ইন্ডাস্ট্রি ইন ওয়েস্ট বেঙ্গল’ প্রভৃতি। তাঁর রচিত অর্থনীতির পাঠ্যপুস্তকও বিশেষ উল্লেখযোগ্য।
Category: চরিতাভিধান
Previous Post:সত্যেন্দ্রনাথ রায়
Next Post:সত্যেন্দ্ৰপ্ৰসন্ন সিংহ, লর্ড

Reader Interactions

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

লেখক

সিরিজ

বইয়ের ধরণ

বাংলা ডিকশনারি

বাংলা জোক্স

বাংলা লিরিক্স

বাংলা রেসিপি

বিবিধ রচনা

বাংলা হেলথ টিপস

Download PDF


My Account

Facebook

top↑