1 of 2

মানসিক অভিসার

     মনে হয় সেও যেন রয়েছে বসিয়া
     চাহি বাতায়ন হতে নয়ন উদাস—
     কপোলে, কানের কাছে, যায় নিশ্বসিয়া
     কে জানে কাহার কথা বিষণ্ন বাতাস।

     ত্যজি তার তনুখানি কোমল হৃদয়
     বাহির হয়েছে যেন দীর্ঘ অভিসারে,
     সম্মুখে অপার ধরা কঠিন নিদয়—
     একাকিনী দাঁড়ায়েছে তাহারি মাঝারে।

     হয়তো বা এখনি সে এসেছে হেথায়
     মৃদুপদে পশিতেছে এই বাতায়নে,
     মানসমুরতিখানি আকুল আমায়
     বাঁধিতেছে দেহহীন স্বপ্ন-আলিঙ্গনে।

     তারি ভালোবাসা, তারি বাহু সুকোমল,
     উৎকণ্ঠ চকোর-সম বিরহতিয়াষ,
     বহিয়া আনিছে এই পুষ্পপরিমল—
     কাঁদায়ে তুলিছে এই বসন্তবাতাস।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *