নৌকো থেকে বৈঠা পড়ে যায়

নৌকো থেকে বৈঠা পড়ে যায়
জলের তলায়

কালো ছাইরঙা জল একবার ঢেউ দিয়ে অন্ধকার

এখন কোথায় আছে সেই বৈঠাখানি?

দুটো কৌতুহলী মাছ, দু’ খণ্ড পাথর, লক্কড়, সাইকেল ভাঙা
গোল আংটির পাশে পাঁকে গাঁথা চারানা আট আনা। অন্ধকারে
ওদের চোখ জ্বলে। এই জলে থেকে থেকে
এখন ওরাও কোনো প্রাণী।

হারানো বৈঠার কাছে পৌঁছে দেখি, তার
দুধারে জন্মেছে পাখনা, পিঠে কাঁটা, নাকে খড়্গ, আর
খড়্গের রজ্জুর সঙ্গে বৃহৎ নৌকাটি বেঁধে নিয়ে
বৃষ্টিতে বৃষ্টিতে ঝাপসা জলমগ্ন ভূমণ্ডল পেরিয়া সে চলেছে আবার!

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *